হে আল্লাহ! তুমি আমায় তোমার গোলাম হিসেবে কবুল করো
হে আল্লাহ! তুমি আমায় তোমার গোলাম হিসেবে কবুল করো
— একটি হৃদয়স্পর্শী দোয়া ও বাণী
হে আমার রব, হে পরম দয়ালু, হে পরম করুণাময় আল্লাহ!
আমি দুনিয়ার কোনো বড় পরিচয় চাই না। আমি চাই না মানুষের প্রশংসা, সম্মান বা ক্ষমতার অহংকার। আমার একমাত্র আকাঙ্ক্ষা—তুমি আমাকে তোমার বিনয়ী, অনুগত ও নেক গোলাম হিসেবে কবুল করে নাও।
হে আল্লাহ! আমার অন্তরকে ঈমানের নূরে আলোকিত করে দাও। আমার হৃদয় থেকে অহংকার, হিংসা, রিয়া, কপটতা ও সব ধরনের গুনাহ দূর করে দাও। আমাকে এমন বান্দা বানাও, যে একান্তভাবে তোমারই ইবাদত করবে, তোমারই ওপর ভরসা করবে এবং তোমার সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য মনে করবে।
হে আল্লাহ! আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত ও প্রতিটি পদক্ষেপ যেন তোমার সন্তুষ্টির জন্য হয়। আমার জীবনের প্রতিটি মুহূর্তকে দ্বীনের খেদমতে কবুল করে নাও। আমাকে সত্যের পথে অটল রাখো এবং মিথ্যা ও অন্যায় থেকে দূরে রাখো।
হে আল্লাহ! যখন মানুষ আমাকে ভুলে যাবে, তখনও তুমি যেন আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত না করো। যখন আমি দুর্বল হয়ে পড়ব, তখন তুমি আমার শক্তি হয়ে থেকো। যখন আমি পথ হারাতে বসব, তখন তুমি আমাকে হেদায়েতের পথে ফিরিয়ে আনো।
হে আল্লাহ! আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে কালিমার ওপর অটল রাখো। ঈমানের সঙ্গে মৃত্যু দান করো, কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দাও এবং কিয়ামতের দিন আমাকে তোমার আরশের ছায়ায় স্থান দাও।
আমি দুনিয়ায় কোনো বড় উপাধি নিয়ে নয়, “আল্লাহর গোলাম” পরিচয় নিয়েই বাঁচতে চাই। আর আখিরাতে তোমার সন্তুষ্টি ও জান্নাতই আমার একমাত্র আশা।
হে আল্লাহ! তুমি আমায় তোমার গোলাম হিসেবে কবুল করো। আমীন ইয়া রব্বাল আলামীন।
— প্রিন্স মোঃ আবু সালেহ
